কাউছার আলম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আব্দুল মোমেন (৩৭), তিনি সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা এবং মো. জাকারিয়ার ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষিজমি থেকে মাটি কাটার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানকে অবহিত করা হলে তার নির্দেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে থাকা দুটি এস্কেভেটরের চালক পালিয়ে যায়। পরে অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্র দুটি বিকল করে দেওয়া হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং ভবিষ্যতে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।