চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের হামরোগ..৭৭ শিশু চিকিৎসাধীন…

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৭ জন শিশু চিকিৎসাধীন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে একদিকে যেমন আলাদা ওয়ার্ড খোলা হয়েছে, অন্যদিকে চিকিৎসক ও নার্স সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ভর্তি থাকা ৭৭ জন শিশুর মধ্যে ৪১ জন ছেলে এবং ৩৬ জন মেয়ে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৯ জন ছেলে ও আটজন মেয়ে। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ জন এবং উন্নত চিকিৎসার জন্য তিনজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলায় সর্বমোট ২৯৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হঠাৎ এই রোগের উপসর্গ দেখা দেওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান বলেন, “সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসক ও নার্স সংকটের কারণে আমাদের প্রচণ্ড হিমশিম খেতে হচ্ছে। এরপরেও বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে আমরা চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি। সংক্রমণ রোধে পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, “স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করছেন এবং তাদের ভ্যাকসিনের আওতায় আনছেন। এটি একটি প্রতিরোধযোগ্য রোগ, তাই অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com