সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ৫ শিক্ষার্থী গ্রেফতার

রোমান হোসেন, সাভার, ধামরাই : সাভারে সিটি ইউনিভার্সিটিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ৫ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

কারাগারে পাঠানো শিক্ষার্থীরা হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা এলাকার আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকার স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানা এলাকার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানা এলাকার আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানা এলাকার রবিউল করিমের ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সাত শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে হল প্রভোস্ট ইমরান হোসেন সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় ৫ শিক্ষার্থীকে আটক করে। এ সময় কৌশলে দুই শিক্ষার্থী পালিয়ে যান। পরে রোববার (৪ জানুয়ারি) সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আটককৃতদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার অভিযোগে ৫ শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া বাকি দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com