শেরপুরের নকলায় টিসিবির পণ্য মজুতের ঘটনায় ডিলারসহ আটক দুই

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য অবৈধভাবে মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টার অভিযোগে এক ডিলারসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজ-এ এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির ডিলার মো. শহিদুল ইসলাম সরকারি মূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত পণ্য নিজের হেফাজতে না রেখে পরিচিত কাঁচামালের আড়তদার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজের মালিক মো. বেলায়েত হোসেনের গুদামে মজুত করেন। এসব পণ্য পরবর্তীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনী ও নকলা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে টিসিবির ২০০ কেজি চাল, ৫৪ লিটার সয়াবিন তেল, ২৬ কেজি ডাল এবং ১০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় গুদাম মালিক মো. বেলায়েত হোসেন ও টিসিবি ডিলার মো. শহিদুল ইসলামকে আটক করা হয়। আটক মো. বেলায়েত হোসেন নকলা উপজেলার পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং মো. শহিদুল ইসলাম সাইলামপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, উদ্ধারকৃত টিসিবির পণ্য ও আটক দুইজন বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com