মোঃ আলম খান : নেত্রকোনার মদন উপজেলায় কর্মরত প্রকৌশলী এস এম শাহাদাত হোসেন যোগদানের এক বছর পূর্ণ করেছেন। এই সময়ের মধ্যে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, তিনি অত্যন্ত দক্ষতা ও কড়াকড়ি নজরদারির মাধ্যমে নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ হতে দেননি। তার সরাসরি তত্ত্বাবধানে নির্মিত সড়কগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তার তত্ত্বাবধানে নির্মিত উল্লেখযোগ্য সড়কগুলোর মধ্যে রয়েছে— গঙ্গানগর বাজার থেকে পরশখিলা গ্রামের ভেতর দিয়ে ১,৩৮০ মিটার কাঁচা সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করা, কাইটাইল বাজার থেকে নায়েকপুর গ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক, মদন পৌরসভা থেকে যতীন্দ্রমোহন সড়ক প্রায় ৩ কিলোমিটার এবং চানগাঁও তিন বাড়ি এলাকার ভেতর দিয়ে প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজের শুরুতে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা নিম্নমানের কাজ করার চেষ্টা করেছিল। এমনকি ঠিকাদার প্রায় ৬০ বস্তা মেয়াদোত্তীর্ণ সিমেন্ট সরবরাহ করেছিল এবং তা দিয়েই কাজ শুরু করা হয়।
কিন্তু প্রকৌশলী এস এম শাহাদাত হোসেন বিষয়টি দ্রুত বুঝতে পেরে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। তার নির্দেশে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট সরিয়ে নিতে বাধ্য হয় ঠিকাদার এবং পরবর্তীতে মানসম্মত উপকরণ ব্যবহার করে কাজ সম্পন্ন করা হয়।
এ বিষয়ে পরশখিলা গ্রামের উপকারভোগী বাসিন্দারা জানান, “প্রথমদিকে কাজের মান নিয়ে শঙ্কা ছিল। কিন্তু প্রকৌশলীর কঠোর তদারকির কারণে এখন আমরা একটি টেকসই ও ভালো মানের সড়ক পেয়েছি।”
স্থানীয়দের মতে, এমন নীতিবান ও দায়িত্বশীল প্রকৌশলীর উপস্থিতি মদন উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকর্তার প্রয়োজন রয়েছে।