বীরগঞ্জে শতবর্ষী কবরস্থানে দখলদারের থাবা: কঙ্কালের ওপরই গড়ে উঠছে বসতবাড়ি…

আহসান হাবিব : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের নির্জন একটি গ্রাম নাগরী-সাগরী উত্তর কলোনীপাড়া। যেখানে শত বছরেরও বেশি পুরনো একটি কবরস্থান রয়েছে। ঘুমিয়ে আছেন হাজারও  পূর্বপুরুষ, মাটির স্তরে লুকিয়ে আছে ইতিহাস, স্মৃতি আর ঘন আবেগ। কিন্তু সেই পবিত্র ভূমিই আজ অবহেলা, অযত্ন আর একের পর এক অবৈধ দখলের কবলে পড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে স্মৃতির অস্তিত্ব। এ যেন শুধুই জমি দখল নয় মৃতদের প্রতি চরম অসম্মান।

গ্রামবাসীরা জানান এই কবরস্থানে বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষকে দাফন করা হয়েছে। এটি শুধু একটি কবরস্থান নয় কয়েকটি গ্রামের সম্মিলিত স্মৃতির ভাণ্ডার। গত ২৫ মার্চ, বুধবার অভিযোগ ওঠে মিনহাজ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে, তিনি কবরস্থানের জমি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সংশ্লিষ্ট ইউনিয়নের তহসিলদার। পরিস্থিতি সামাল দিয়ে অফিসে ফিরে যান। কিন্তু এখানেই শেষ নয় প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারও শুরু হয় নির্মাণ কাজ! এ যেন আইনের প্রতি প্রকাশ্য বৃদ্ধাঙ্গুলি! স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আবারও বাধা দিতে এগিয়ে আসেন।

কিন্তু তাদের কথা তোয়াক্কা না করে উল্টো শুরু হয় গালিগালাজ, হুমকি-ধামকি। একটি পবিত্র জায়গাকে ঘিরে এমন অশোভন আচরণ যা গ্রামবাসীদের মোটেও গ্রহণযোগ্য না শুধু মিনহাজ আলী নন, আরো কয়েকজন ব্যক্তি এই কবরস্থানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। যাদের মধ্যে রয়েছেন নেছার উদ্দিন, কাশেম আলী, আব্দুল আজিজ, আব্দুল কাদের ও জমশেদ আলী।

স্থানীয়দের দাবি ধীরে ধীরে পুরো কবরস্থানটিকেই বসতবাড়িতে পরিণত করার অপচেষ্টা চলছে। আগে যখন এই জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করা হয়েছে, তখন মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে মৃত মানুষের কঙ্কালের অংশ! যেখানে এখনো মানুষের হাড়গোড় পাওয়া যায়, সেখানেই চলছে বাড়ি নির্মাণ ! কিন্তু তবুও দখলদারদের হৃদয় একটুও কাঁপেনি। গ্রামবাসীরা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন—“এই জায়গার পবিত্রতা রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য।” এই কবরস্থান কি দখলদারদের হাতেই নিশ্চিহ্ন হয়ে যাবে? নাকি—সময় থাকতে জেগে উঠবে প্রশাসন?

এই প্রশ্ন এখন পুরো এলাকার। ইতিমধ্যেই এলাকাবাসীরা হুঁশিয়ারিও দিয়েছেন যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তারা নিজেরাই বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com