ফাইজুর রহমান: নেত্রকোনায় ভেজাল হোমিওপ্যাথিক ঔষধ বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ঔষধ জব্দ ও জরিমানা করা হয়েছে। জেলার জয়নগর হাসপাতাল রোডের দক্ষিণ নাগরা এলাকায় অবস্থিত “সরকার হোমিও হল” নামক একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটিতে রোগী দেখা ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার আড়ালে ভেজাল ঔষধ সরবরাহের অভিযোগ ওঠে। এর ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন ঔষধ প্রশাসনের কর্মকর্তা খন্দকার হাফসা নাজনীন। এসময় নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আসিফ উপস্থিত ছিলেন।
অভিযানকালে প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই করে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। জব্দকৃত কোনো ঔষধে ডিএআর (ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন) নম্বর পাওয়া যায়নি। পরে ভেজাল ও অনুমোদনবিহীন ওষুধ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল ঔষধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।