টঙ্গীতে চাঁদা দাবির অভিযোগ… প্রবাসীর স্ত্রীকে মারধরের চেষ্টা …!

মোঃ আবু সাঈদ চৌধুরী: গাজীপুরের টঙ্গীতে জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার খাঁপাড়া রোড এলাকার বাসিন্দা ইসরাত জাহান পারভীন (৪২) তার স্বামী প্রবাসে থাকায় সন্তানদের নিয়ে নিজ জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন। তার স্বামী জাফর ইকবাল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। ভুক্তভোগীর দাবি, আউচপাড়া মৌজায় তাদের বৈধ ভোগদখলকৃত জমিতে নির্মাণকাজ শুরু করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে মোটা অংকের টাকা (চাঁদা) দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন স্বাধীন (৫৫), মুক্তা (৩৫), সুমাইয়া আক্তার (২৫), হামীম (২২) ও বিউটি আক্তার (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।ভুক্তভোগী আরও জানান, গত ২৭ মার্চ সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বাসায় এসে তাকে ও তার মেয়ে মীম (২১)-কে মারধরের চেষ্টা করে। এ ঘটনায় তিনি ও তার পরিবার বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসরাত জাহান পারভীনের নির্মাণাধীন বাড়ির গেটে তালা ঝুলছে। এ বিষয়ে তিনি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা লোকজন নিয়ে এসে তার নির্মাণাধীন ভবনের গেটে তালা লাগিয়ে দিয়েছে এবং নিয়মিত হুমকি দিয়ে আসছে।

স্থানীয় বাসিন্দা ওহিদ মাস্টার জানান, “বাদী ও বিবাদী উভয়েই আত্মীয়। তাদের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তবে ভোগদখলকৃত নির্মাণাধীন বাড়ির গেটে তালা দেওয়া আইনগতভাবে সঠিক হয়নি বলে মনে করি।এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, “অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com