ডেস্ক রিপোর্ট : ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়া ও সরবরাহ সংকটের প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরইমধ্যে জ্বালানি তেলের সংকটে বন্ধ হয়েছে অনেক পেট্রোল পাম্প।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঢাকার শাহবাগ, তেজগাঁও, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলো ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শত শত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি লাইনে দাঁড়িয়েছে। কিন্তু তেল সংকটে অনেক পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও দেওয়া হচ্ছে নামমাত্র জ্বালানি।
এদিকে, জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে থেকে জানানো হয় গতকাল ৬৪ জেলায় ৩৯১টি অভিযানে ১৯১টি মামলা দেওয়া হয়েছে এবং ৯ লক্ষ ৩৫ হাজার ৭০ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এরমধ্যে সাতক্ষীরা জেলায় ১ জনকে ২ মাসের, চাঁদপুর জেলায় ১ জনকে ১ বছর, গাজীপুর জেলায় ১জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬৪ জেলা থেকে ৩০ মার্চ অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তের জব্দ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা তাদের অভিযান অব্যাহত রেখেছেন।