সোহাগ রানা, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য “গণভোট-২০২৬” সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের প্রধান অতিথিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন।
সভায় বক্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা “জুলাই জাতীয় সনদ” ও সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর তাদের মতামত প্রদানের সুযোগ পাবেন। এই ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অবহিতকরণ সভার আয়োজন।
সভার অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এসময় উপস্থিত সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ গণভোটের ব্যালট পেপার, ভোট প্রদানের নিয়ম এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন করেন। জেলা প্রশাসক মহোদয় উপস্থিত সবার জিজ্ঞাসার উত্তর দেন এবং তৃণমূল পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি এবং সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোট আয়োজনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।