ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় দিপু চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার পর লাশে আগুন দিয়েছে জনতা।গণপিটুনির হত্যার শিকার দিপু চন্দ্র দাস (২৭) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে । গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রায় রাত ৮ টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নীটওয়্যারস লি: কারখানার সামনে ওই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নীটওয়্যারস লি: কারখানায় দীপু লিংকিং সেকশনে কাজ করতেন। সন্ধ্যার দিকে কাজ করার সময় সহকর্মীর সঙ্গে ধর্মীয় বিষয়ে কটূক্তি করেন। তাৎক্ষণিক ওই ঘটনার কথা কারখানা বাহিরে সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের ব্যবধানে দেড়-দুই হাজার মানুষ কারখানার সামনে জড়ো হয়। তারা কারখানার গেটের ভেতরে ঢুকে দীপুকে টেনে বের করে আনে এবং গণপিটুনি দেয়।
এ সময় শিল্প পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা চালায়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জনতা লাশ টেনেহিঁচড়ে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। রাত আনুমানিক সোয়া ১১টায় লাশ ঝুলিয়ে কেরোসিনের আগুনে পুড়িয়ে ফেলে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়িতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির লাশ পুলিশের হেফাজতে আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।