নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোসাব্বিরের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় নিহতের জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুব বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলীসহ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং সহযোগী অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জানা গেছে, পল্টনে জানাজা শেষে মোসাব্বিরের মরদেহ তার বাসভবনে নেওয়া হবে। পরে বাদ আছর কারওয়ান বাজারে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।

এর আগে, গতকাল বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট তেজতুরী বাজারে স্টার কাবাব রেস্তোরাঁর পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আজ ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা মামলা রুজুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com